ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ড. জিয়া উদ্দিন

Printed Edition

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়া উদ্দিন হায়দার বলেছেন, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে সরকার কাজ করছে। গত ১৭ বছরে স্বাস্থ্য খাত দলীয়করণের কারণে ভারসাম্যহীন অবস্থায় পড়েছে। এ অবস্থা থেকে বের হয়ে স্বাস্থ্যসেবায় ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা চলছে। গতকাল বুধবার দুপুরে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ড. জিয়া উদ্দিন বলেন, এরই মধ্যে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো হয়েছে। হাসপাতালগুলোতে জনবল সঙ্কট রয়েছে। রোগীর তুলনায় শয্যা ও জনবল কম থাকায় চিকিৎসাসেবা দিতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে। এ সমস্যা সমাধানে জনবল বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি হাসপাতালের প্রশাসনিক ভবন, ডায়ালাইসিস বিভাগ, জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড, স্পেশাল কেয়ার নিওনেটাল ইউনিট, মেডিসিন ওয়ার্ড, আইসিইউ, হাই ডিপেন্ডেন্সি ইউনিট ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় রোগীদের সাথে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন। তিনি বলেন, রোগীদের সাথে কথা বলে তারা সেবা পেয়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন। তবে ২৫০ শয্যার এই হাসপাতালে শয্যার তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি রোগীর চাপ রয়েছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক মনিরা হক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: এ এস এম সোহরাব আল হোসাইন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোবারক হোসেন দুলাল ও আরএমও রুকনুজ্জামানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেনী অফিস