ফেব্রুয়ারির নির্বাচন বানচালে কোনো ষড়যন্ত্র কাজ করবে না : প্রেস সচিব

Printed Edition

মাগুরা প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে ইনশাআল্লাহ, এই নির্বাচন বানচাল করতে কোন ষড়যন্ত্র কাজ করবে না। গতকাল শুক্রবার সকালে মাগুরা বালক উচ্চবিদ্যালয় মাঠে মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আমাদের সন্তানদের যারা হত্যা করে পালিয়েছে, তাদেরকে ফিরিয়ে আনার কাজ চলছে। আমরা আর ৭০ দিনের মতো আছি এর মধ্যে যদি ফিরিয়ে আনা সম্ভব না হয় তাহলে যারা ক্ষমতায় আসবে তারা ফিরিয়ে আনার কাজটি অব্যাহত রাখবেন আশা করি।

এ সময় তিনি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না- বাউল শিল্পীদের ওপর হামলাসহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

শফিকুল আলম বলেন, ’২৪-এর জুলাইয়ে আন্দোলনে দেশের অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করেছিল ফ্যাসিস্ট সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার চিত্র। আমাদের এখন মূল লক্ষ্য হত্যাকারীদের এ দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা।

’২৪-এর গণহত্যায় শহীদের মায়েরা আজও কাঁদছে বিচারের দাবিতে। তাদের চোখের জলে কাঁদছে বাংলাদেশ। তাই বিচারের রায় যতদ্রুত কার্যকর হবে, ততই আমাদের সফলতা। আমরা চাই পরবর্তী নির্বাচিত সরকার এ দেশে বিচারের রায় কার্যকর করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস সচিব নির্বাচন প্রসঙ্গে বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সাথে আলোচনা সম্পন্ন করেছে। আমরা চাই দেশে শান্তি ও সুষ্ঠু নির্বাচন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের, মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা ক্রীড়া অফিসার বি এম সাজিন ইসরাত এবং ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি। জেলা প্রশাসন ও জেলা অফিসের বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে মাগুরার চারটি উপজেলার ৯টি কলেজ ফুটবল দল। উদ্বোধনী প্রথম খেলায় মাগুরা সরকারি সোহরাওয়ার্দী কলেজ মুখোমুখি হয়েছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর।