নয়া দিগন্ত ডেস্ক
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘ওয়ার্ল্ড উইমেনস সামিট-২০২৬’। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ সম্মেলনে সাহস, দূরদর্শিতা ও নেতৃত্বের অনন্য উদযাপনে দেশ ও প্রবাসের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ২০ বিশিষ্ট নারীকে সম্মাননা প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে ‘স্বপ্নজয়ী খ্যাতিমান নারী সম্মাননা’ পেয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা: জুবাইদা রহমানের মা এবং মরহুম রিয়ার অ্যাডমিরাল (অব:) মাহবুব আলী খানের স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু। সমাজসেবায় দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বিশেষ ভূমিকা রাখায় তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়।
সৈয়দা ইকবাল মান্দ বানু ১৯৭৯ সালে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যে ‘সুরভী’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন। দীর্ঘ সময় ধরে মানবতার সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৫ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পদক’ অর্জন করেছিলেন। গতকালের এই সম্মেলনেও তার সেই নিরলস পরিশ্রমকে বিশেষভাবে শ্রদ্ধা জানানো হয়।
সাহস, দূরদর্শিতা ও নেতৃত্বের এক অনন্য উদযাপনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড উইমেনস সামিটটি উৎসর্গ করা হয় সেই সব অসাধারণ নারীদের, যাদের সাফল্য বিভিন্ন শিল্প খাতকে এগিয়ে নিচ্ছে, সমাজকে শক্তিশালী করছে এবং বিশ্বপরিসরে বাংলাদেশের মর্যাদা আরো উঁচুতে তুলে ধরছে।
২৬ বছর ধরে অর্থনীতি, নেতৃত্ব ও সামাজিক পরিবর্তনের ধারাবাহিক বার্তা পৌঁছে দেয়া সাপ্তাহিক প্রকাশনা অর্থকণ্ঠ ও আন্তর্জাতিক ব্যবসায়িক সাময়িকী বিজনেস আমেরিকা ম্যাগাজিনের যৌথ আয়োজনে এবং এনআরবি ওয়ার্ল্ডের সহযোগিতায় এই মহাসম্মেলন গতকাল বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল, ‘নারী জাগে, নারী জিতে- তার দীপ্তি ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে।’
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশেষ সংখ্যা “১০০ গড়ংঃ ওহভষঁবহঃরধষ ইধহমষধফবংযর ডড়সবহ অপৎড়ংং ঃযব এষড়নব” ম্যাগাজিনের জমকালো উন্মোচন। এই প্রকাশনায় দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রাখা প্রভাবশালী বাংলাদেশী নারীদের অনুপ্রেরণামূলক জীবনগাথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি আয়োজকদের এমন একটি ব্যতিক্রমী আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং সম্মাননা প্রাপ্ত নারীদের হাতে স্মারক তুলে দেন। এ সময় স্বপ্নজয়ী খ্যাতিমান নারী সম্মাননাজয়ী সৈয়দা ইকবাল মান্দ বানু শারীরিকভাবে অসুস্থ থাকায় মন্ত্রী দর্শক সারিতে নেমে এসে তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে ছিল- রেজিস্ট্রেশন ও রিসেপশন, স্বাগত বক্তব্য, অর্থকণ্ঠের ২৬ বছরের পথচলার ওপর প্রামাণ্য উপস্থাপনা, বিভিন্ন পাওয়ার প্যানেল আলোচনা, ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা-২০২৬’ প্রদান, বিশেষ ম্যাগাজিন উন্মোচন, সাংস্কৃতিক পরিবেশনা ও গালা ডিনার এবং নারী উদ্যোক্তাদের সমর্থনে এক্সক্লুসিভ প্রদর্শনী স্টল।



