লালমনিরহাট প্রতিনিধি
গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ার এক ঘণ্টার ব্যবধানে লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত রাকিবুল হাসান উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ বাতিলের বিষয়টি জানানো হয়। একই সাথে দলীয় নেতাকর্মীদের তাকে এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে “গউ জধশরনঁষষ ঐধংধহ” নামের একটি ফেসবুক আইডি থেকে “টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন” শিরোনামে একটি পোস্ট দেয়া হয়। পোস্টটি দেয়ার কিছুক্ষণের মধ্যেই তা দলীয় পর্যায়ে আলোচনায় আসে এবং এক ঘণ্টার মধ্যেই বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়। এ সিদ্ধান্তে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর খানের অনুমোদন ছিল।
বহিষ্কারের বিষয়ে প্রতিক্রিয়ায় রাকিবুল হাসান বলেন, অন্যায়ের বিরুদ্ধে দলের অবস্থান আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। দশম শ্রেণী থেকে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত আছি। জুলাইয়ের আন্দোলনে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি মনে করি, এসব ঘটনার বিচার হওয়া উচিত এবং দেশের মানুষের স্বার্থে গণভোট বাস্তবায়ন করা দরকার।



