মালয়েশিয়া প্রতিনিধি
প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়ে গেছে মর্মে বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে কমিউনিটির নেতারা ও কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে নাম না প্রকাশ শর্তে তারা বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়েছে এমন কোনো নির্দেশনা বা চিঠি আমরা পাইনি। আর প্রবাসীরা বলেন, এ বিষয়ে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা জারি করা হয়নি এমনকি দেশটির গণমাধ্যমেও কোনো সংবাদ প্রচার হয়নি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকের বরাত দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার যে সংবাদ প্রচার হচ্ছে তাতে প্রবাসীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
মালয়েশিয়া প্রবাসী কমিউনিটি নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর সফরের পর আমরা খুবই আশাবাদী দেশটিতে অবৈধ অভিবাসীদের বৈধতাসহ কলিংয়ের মাধ্যমে শ্রমবাজার চালু হবে। কিন্তু প্রবাসী কল্যাণমন্ত্রীর বরাত দিয়ে বাংলাদেশে যে বলা হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার চালু বা উম্মুক্ত হয়েছে সেটার সত্যতা আমরা এখনো পাইনি এমনকি মালয়েশিয়ার সরকার এমন ঘোষণা দেয়ার খবর আমরা কুয়ালালামপুর বসে পাইনি। তাই প্রবাসীদের মধ্যে রীতিমতো বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে মালয়েশিয়া শ্রমবাজার খোলার সঠিক তথ্য যাচাই-বাছাই না করে কারো সাথে কোনো লেনদেন না করার আহ্বান জানিয়েছেন তারা।



