দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের দেবীগঞ্জে জুলাই বিপ্লবে আহত না হয়েও সরকারি তালিকায় ‘আহত জুলাই যোদ্ধা’ হিসেবে নাম অন্তর্ভুক্ত করে নিয়মিত ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে জুবায়ের ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। তিনি দেবীগঞ্জ পৌরসভার উত্তর পাড়া এলাকার বাসিন্দা রেজাউল করিমের ছেলে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, ২০২৫ সালের ৫ মার্চ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় রংপুর বিভাগের ‘গ’ শ্রেণীর আহত জুলাই যোদ্ধাদের তালিকা প্রকাশ করে। গেজেট নম্বর ১০২০-এ দেবীগঞ্জ উপজেলা থেকে জুবায়েরের নাম অন্তর্ভুক্ত করা হয়। এরপর তিনি সরকারের এককালীন এক লাখ টাকা অনুদানসহ প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা পাচ্ছেন।
কিন্তু অভিযোগ উঠেছে, জুবায়ের জুলাই বিপ্লব চলাকালে ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট আহত হননি। বরং ৬ আগস্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে দোকানের মালিকানা নিয়ে দুই পক্ষের ধস্তাধস্তিতে তিনি সামান্য আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক বিরোধ থেকে সৃষ্ট ওই সংঘর্ষের পর জুবায়ের হাসপাতালে ভর্তি হন এবং পরে থানায় অভিযোগ দিলেও তা আপসে নিষ্পত্তি হয়।
ছাত্রনেতারা জানান, দেবীগঞ্জে কেবল ৪ আগস্ট উল্লেখযোগ্য সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে রবিউল ইসলাম রুবেল নামে একজন গুরুতর আহত হন। তাদের দাবি, জুবায়ের আন্দোলনে অংশ নিলেও তিনি আহত ছিলেন না।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নথিতে দেখা যায়, ২০২৪ সালের ৬ আগস্ট দুপুর ১২টা ২০ মিনিটে জুবায়ের মাথা ও হাতের আঙুলে আঘাত নিয়ে ভর্তি হন, যা জুলাই আন্দোলনের ঘটনার সাথে সম্পর্কিত নয়।



