সৌদি গেজেট
অধিকৃত জেরুসালেমে সোমালিয়ার স্বশাসিত অঞ্চল সোমালিল্যান্ডের দূতাবাস খোলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ও সৌদি আরবসহ ১৯টি মুসলিম দেশ। এ পদক্ষেপকে অবৈধ ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ১৯ মে সোমালিল্যান্ডের পক্ষ থেকে এমন ঘোষণা আসার পর যৌথ বিবৃতির মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রীরা স্পষ্ট করেছেন যে, পূর্ব জেরুসালেম অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে এই অঞ্চলটি ইসরাইল দখল করে রেখেছে। যৌথ বিবৃতিতে বলা হয়, জেরুসালেমের আইনি ও ঐতিহাসিক মর্যাদা পরিবর্তনের যেকোনো একতরফা চেষ্টা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং তা পুরোপুরি অকার্যকর। এ ধরনের কর্মকাণ্ড অধিকৃত শহরের ঐতিহাসিক অবস্থানের ওপর সরাসরি হস্তক্ষেপ বলে তারা মনে করেন।



