হাউছি হুমকি প্রতিরোধের হুঁশিয়ারি সৌদি জোটের

Printed Edition

আলজাজিরা

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে যে, সৌদি আরবকে লক্ষ্যবস্তু করার বা ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার জবাব নজিরবিহীন সংকল্প ও শক্তি দিয়ে দেয়া হবে। ইয়েমেনের হাউছিদের সাম্প্রতিক হুমকি এবং হাউছিদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানায় ইরানের একটি বেসামরিক বিমান অবতরণ করার পর এই ঘোষণা এলো।

গতকাল শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সৌদি আরবের বিরুদ্ধে হাউছিদের সাম্প্রতিক হুমকিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এটি মূলত ইয়েমেনের জনগণের বিরুদ্ধে হাউছি গোষ্ঠীর নিজস্ব কর্মকাণ্ড থেকে বিশ্ববাসীর নজর সরানোর একটি চেষ্টা মাত্র। তিনি ইরান সমর্থিত এই আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, হাউছিরা তাদের নিজেদের তৈরি অর্থনৈতিক সঙ্কট বাইরে রফতানি করার চেষ্টা করছে এবং তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জগুলো থেকে দৃষ্টি ঘোরানোর পাঁয়তারা করছে। আল-মালিকি বলেন, হাউছিরা যে দাবিগুলো করছে তা মূলত তাদের বৈরী আচরণ ও উসকানিরই অংশ এবং এর মাধ্যমে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিঘিœত করার চেষ্টা চালাচ্ছে।

এর আগে শুক্রবার হাউছি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে একটি বিবৃতি দেন। সেখানে তিনি সৌদি আরবের বিমানবন্দর এবং জল ও স্থলভাগের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে একটি ব্যাপক ও সর্বাত্মক পাল্টা হামলার হুমকি দিয়েছিলেন।