হাম ও উপসর্গে মৃত্যু ৬৮৬ জনে পৌঁছেছে

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে হাম উপসর্গ নিয়ে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ১৩৫ জন।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুয়ায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম এবং এর উপসর্গ নিয়ে গতকাল সকাল পর্যন্ত সারা দেশে মোট ৬৮৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯৩ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১১ হাজার ২৯৭ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯৪ হাজার ৭৬৪ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩০৮ জন ও আক্রান্ত ৫১ হাজার ২৬১ জন।

সিলেটে হামে মৃত্যু ৭৭ জনে পৌঁছেছে

সিলেট ব্যুরো জানায়, সিলেটে হাম ও উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া চার মাস ১১ দিনের মো: ইমতিয়াজ আলী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ জন।

এদিকে সোমবার সকাল থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় ২৫ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৮০ জন।

গতকাল এ তথ্য জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।