খুলনার সংরক্ষিত নারী আসনে আলোচিত যারা

Printed Edition

শেখ শামসুদ্দীন দোহা খুলনা ব্যুরো

সংরক্ষিত নারী আসনের ভোটের তারিখ ঘোষিত হওয়ায় নড়েচড়ে বসেছেন খুলনা বিএনপির নারী নেত্রীরা। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে আগ্রহী নেত্রীরা এখন ঢাকামুখী। দলীয় বিবেচনায় যারা পরীক্ষিত তারাই অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

প্রার্থিতা দৌড়ে আলোচনায় আছেন সৈয়দা নার্গিস আলী। তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর মহিলা দলের আহ্বায়ক। আগে সংরক্ষিত আসনে এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি দলের সাথে সম্পৃক্ত থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় মহিলা দল প্রতিষ্ঠার দায়িত্ব পান। নার্গিস আলী বলেন, দলকে আমি সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেছি। দল বিবেচনা করলে আমি আশাবাদী।

সৈয়দা রেহানা আখতার খুলনা মহানগর বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক। জেলা বিএনপির সাবেক আহ্বায়ক খ্যাতিমান সাংবাদিক সৈয়দ ঈসার সহধর্মিণী। দীর্ঘ দিন দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রেহানা আখতার শিক্ষকতা পেশায় যুক্ত এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা। রেহানা আখতার বলেন, দুঃসময়ে দলের প্রতিটি কর্মকাণ্ড পরিচালনায় কখনো পিছপা হইনি। সে দিক থেকে দল সঠিক মূল্যায়ন করবে বলে আশাবাদী।

আজিজা খানম এলিজা ছাত্ররাজনীতি থেকে উঠে আসা দুই দফায় খুলনা সরকারি পাইওনিয়ার কলেজের ভিপি এবং মহানগর মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে বেশ কয়েকবার হামলা-মামলার শিকার এবং গ্রেফতারও হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, দল চুলচেরা বিশ্লেষণ করলে আমি অগ্রাধিকার পাবো।

ফারজানা রশিদ লাবনী খুলনা সরকারি মহিলা কলেজের সাবেক দুইবারের ভিপি ও সম্ভাব্য প্রার্থী হিসেবে কেন্দ্রে লবিং চালিয়ে যাচ্ছেন। খুলনায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতিতে শীর্ষ পদে থেকে নেতৃত্ব দিয়েছেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লাবণ্য’র নির্বাহী পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি সাংবাদিকতা করছেন।

জাতীয়তাবাদী তাঁতীদলের মহানগর আহ্বায়ক নিঘাত সীমাও রয়েছেন সম্ভাব্য প্রার্থী তালিকায়। ২০০২ সালে সংরক্ষিত আসনে প্রার্থীর দৌড়ে ছিলেন। ওয়ান ইলেভেনে সক্রিয় ভূমিকা রেখেছেন। এ প্রসঙ্গে খুলনা মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনা জানান, প্রার্থিতার ক্ষেত্রে কেন্দ্র যে সিদ্ধান্ত দেবে সেটিই চূড়ান্ত।