দেশের অসহায় ও নি¤œ আয়ের মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে অক্টোবর থেকে দেশব্যাপী প্রায় ৪১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেয়া হবে। বুধবার আগারগাঁও সমাজসেবা অধিদফতরে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। নির্বাচনকালীন প্রতিশ্রুতি অনুযায়ী দল ও মতের ঊর্ধ্বে উঠে শতভাগ সততা ও নির্ভুলভাবে এই কার্ডের ডাটাবেজ তৈরি করতে হবে।” তিনি জানান, চার বছর মেয়াদি এ কর্মসূচিতে প্রতি দুই মাস পরপর তথ্য যাচাই-বাছাই করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন জানান, পাইলটিং শেষে এখন ফ্যামিলি কার্ড চালুর চূড়ান্ত প্রস্তুতি চলছে। এই ডাটাবেজ ভবিষ্যতে একক সমন্বিত সিস্টেম হিসেবে অপরাধ নিয়ন্ত্রণ ও জালিয়াতি রোধে ভূমিকা রাখবে।
সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



