ক্রীড়া প্রতিবেদক
চীন যাওয়ার আগেই সংবাদ সম্মেলনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়েছিল তাদের পদকের টার্গেট কাবাডির দুই বিভাগে। শেষ পর্যন্ত সেই কাবাডিতেই এলো পদক। তবে পুরুষ কাবাডি দলের নয়। পদকটি এসেছে নারী কাবাডিতে। চাইনিজ তাইপেকে হারিয়ে এই পদক। মূলত বাংলাদেশ দল সেমিতে উঠেছে তাইপেকে হারিয়ে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী সেমিতে উঠলেই ব্রোঞ্জ নিশ্চিত। এখন বাংলাদেশ দল চাইছে সেমিতে জিতে ফাইনালে উঠে স্বর্ণের ফাইট দিতে।
চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই চাইনিজ তাইপেকে চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধে লড়াই কিছুটা সমানে সমান মনে হলেও ২৫-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় শাহনাজ পারভীন মালেকার দল। দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। তাইপের রক্ষণভাগকে তছনছ করে একের পর এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। শেষ পর্যন্ত ৫৯-২০ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচে বড় ব্যবধানের এই জয়ে দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। গ্রুপ পর্বের বাধা টপকে সেমিফাইনাল নিশ্চিত হলেও বাংলাদেশের এখন গ্রুপ সেরা হওয়ার লড়াই। এই মিশনে আজ নেপালের মুখোমুখি হবে তারা।
এ দিকে পুরুষ দল টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশ আজ ইরানের কাছে পরাজিত হয়েছে। ৪৭-৩১ পয়েন্টে জয় পেয়েছে ইরান। পুরুষ বিচ ভলিবলে জাপান ২-০ সেটে (২১-১১, ২১-১২) হারায় বাংলাদেশকে। তবে নারী ভলিবল দল হারিয়েছে মালদ্বীপকে। তারা ২১-১৫ ও ২১-১৯ পয়েন্টে হারিয়েছে মালদ্বীপকে। যদিও তারা হেরেছিল ইন্দোনেশিয়ার কাছে। আর পুরুষ দল কাজাখস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরেছে।
অ্যাথলেটিক্সের ৬০ মিটার স্প্রিন্টে আবদুল মোতালেব ৭.২১ সেকেন্ড দৌড় শেষ করে ২৪ জনের মধ্যে ১৮তম হয়েছেন। আর সুমাইয়া দেওয়ান ২৩ জনের মধ্যে ১৫ তম হয়েছেন। সময় নিয়েছেন ৭.৯০ সেকেন্ড। বিচ হ্যান্ডবলে বাংলাদেশ ২-০ সেটে (১৯-১২, ১৪-৬ পয়েন্টে) হেরেছে জর্দানের কাছে।



