ময়মনসিংহ অফিস
ময়মনসিংহের বলাশপুর হাক্কানীর মোড় এলাকা থেকে একটি বিদেশী পিস্তলসহ আলী হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৪। গতকাল শনিবার সকালে র্যাবের পক্ষ থেকে জানানো হয়। গত শুক্রবার রাতে র্যাব সদর কোম্পানির একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আলী হোসেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে বলাশপুর হাক্কানীর মোড়ে একটি কৌশলগত চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় পথচারীর ছদ্মবেশে চেকপোস্ট অতিক্রমের চেষ্টাকালে আলী হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়।
পরে তার হাতের শপিংব্যাগ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়, যার কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি। র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন জানান, অস্ত্রটি অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আসামিকে অস্ত্রসহ কোতোয়ালী থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।



