পাকিস্তান যেন চীনের জীবন্ত পরীক্ষাগার

ভারতীয় জেনারেলের মন্তব্য

চীন তার সামরিক প্রযুক্তি পরীক্ষা করার জন্য পাকিস্তানকে ‘জীবন্ত পরীক্ষাগার’ হিসেবে ব্যবহার করছে। শুক্রবার দ্য হিন্দুকে এসব কথা বলেন ভারতীয় জেনারেল রাহুল আর সিং।

নয়া দিগন্ত ডেস্ক
Printed Edition

ভারতের সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছেন পাকিস্তানের সামরিক সরঞ্জামের বিপুল অংশ প্রায় ৮১ শতাংশই চীনের তৈরি। চীন তার সামরিক প্রযুক্তি পরীক্ষা করার জন্য পাকিস্তানকে ‘জীবন্ত পরীক্ষাগার’ হিসেবে ব্যবহার করছে। গতকাল শুক্রবার দ্য হিন্দুকে এসব কথা বলেন এই ভারতীয় জেনারেল।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযান সম্পর্কে লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেন, অপারেশন সিঁদুর থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা পাওয়া গেছে। শীর্ষ নেতৃত্বের কৌশলগত বার্তা ছিল একেবারে স্পষ্ট আগের মতো আমরা আর যন্ত্রণা চুপচাপ সহ্য করব না। লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা ছিল তথ্যভিত্তিক, যা প্রযুক্তি ও গোয়েন্দা সূত্র থেকে সংগ্রহ করা হয়। অভিযানে মোট ২১টি লক্ষ্য চিহ্নিত করা হয়, যার মধ্যে আমরা মনে করি, ৯টি লক্ষ্য আঘাত হানার জন্য উপযুক্ত। অভিযান শুরুর অল্প সময় আগে এই ৯ লক্ষ্যেই হামলা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

ভারতীয় এই সেনাকর্মকর্তার মতে, পাকিস্তানের সাথে চীনের প্রতিরক্ষা সম্পর্ক এখন আর কেবল প্রচলিত অস্ত্র সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এখন তা আরো গভীর হয়েছে। চীন তাদের উন্নত সামরিক সরঞ্জাম ও নজরদারি প্রযুক্তি যুদ্ধ পরিস্থিতিতে পরীক্ষা করার জন্য পাকিস্তানকে একধরনের ‘জীবন্ত পরীক্ষাগার’ হিসেবে ব্যবহার করছে।

রাহুল সিং বলেন, আমাদের সীমান্ত একটা হলেও প্রতিপক্ষ ছিল দু’জন। এখন তা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। পাকিস্তান বরাবরই সামনে ছিল। অন্য দিকে চীন তাকে সব রকম সহায়তা দিয়ে আসছে। পাকিস্তানের ৮১ শতাংশ সামরিক সরঞ্জামই চীনে উৎপাদন করা হয়। ফলে চীন তাদের অস্ত্র অন্য অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিতে পরীক্ষা করতে পারছে। এক কথায়, পাকিস্তান তাদের জন্য এক জীবন্ত পরীক্ষাগার। আমাদের তৃতীয় প্রতিপক্ষ তুরস্ক। দেশটি পাকিস্তানকে বিশেষ ধরনের সহায়তা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অপারেশন সিঁদুর নিয়ে যখন সেনাবাহিনীর উচ্চপর্যায়ের আলোচনা চলছিল, তখন পাকিস্তান চীনের কাছ থেকে আমাদের গুরুত্বপূর্ণ কৌশলগত গতিবিধির সরাসরি আপডেট পাচ্ছিল। তাই আমাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি ছিল।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত পাকিস্তানকে প্রায় ৮২০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে চীন।

২০২০ থেকে ২০২৪ সালে চীন ছিল বিশ্বের চতুর্থ বৃহৎ অস্ত্র রফতানিকারক দেশ। ওই সময় চীনের মোট অস্ত্র রফতানির প্রায় ৬৩ শতাংশই গেছে পাকিস্তানে। ফলে ইসলামাবাদ পরিণত হয়েছে চীনের সবচেয়ে বড় অস্ত্র গ্রাহকে।