পীরগঞ্জে ২০৮ নারী পেলেন সেলাই মেশিন

Printed Edition

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় ২০৮ জন দুস্থ ও অসচ্ছল নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো বলেন, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম, পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাওয়ানুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নির্বাচিত ২০৮ জন উপকারভোগী নারীর হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়। আয়োজকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই মূল লক্ষ্য।