ক্রীড়া ডেস্ক
অ্যাথলেটিকসের সেরা তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হচ্ছে বিশ্ব অ্যাথলেটিকস আলটিমেট চ্যাম্পিয়নশিপ। গতকাল থেকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে শুরু হওয়া তিন দিনের এই প্রতিযোগিতায় থাকছে রেকর্ড এক কোটি ডলারের প্রাইজমানি।
অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ডায়মন্ড লিগের সেরা অ্যাথলেটদের নিয়ে আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতা। প্যারিস অলিম্পিকের ২৬ জন চ্যাম্পিয়ন, গত বছরের টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপের ২৬ জন বিশ্বসেরা এবং ২০২৬ সালের র্যাংকিংয়ের শীর্ষ পারফরমাররা এতে অংশ নিচ্ছেন। প্রতিযোগিতাটি হবে আমন্ত্রণভিত্তিক এবং ভবিষ্যতে প্রতি দুই বছর পরপর আয়োজনের পরিকল্পনা রয়েছে।
প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ বড় অঙ্কের পুরস্কার। প্রতিটি ইভেন্টের চ্যাম্পিয়ন পাবেন এক লাখ ৫০ হাজার ডলার, যা গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পুরস্কারের দ্বিগুণেরও বেশি। রানার্সআপ পাবেন ৭৫ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ৪০ হাজার ডলার। ১৬তম স্থান পর্যন্ত থাকছে অর্থ পুরস্কার। অলিম্পিকের আটবারের স্বর্ণজয়ী উসাইন বোল্ট প্রতিযোগিতাটির দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেছেন, অ্যাথলেটিকসকে নতুন পথে এগিয়ে নিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ। এবারের আসরে বেশ কিছু পরিবর্তনও থাকছে। কোনো পদক দেয়া হবে না; চ্যাম্পিয়নদের দেয়া হবে বিশেষ ট্রফি। অধিকাংশ ইভেন্টে শুরুতেই সেমিফাইনাল বা ফাইনাল হবে। তবে শটপুট, ট্রিপল জাম্প, ডিসকাস ও নারীদের হ্যামার থ্রো-সহ কয়েকটি ইভেন্ট বাদ পড়ায় সমালোচনাও হয়েছে। কিছু অ্যাথলেট মনে করছেন, এতে তাদের বড় অঙ্কের পুরস্কার জয়ের সুযোগ কমেছে।



