গাজীপুর মহানগর প্রতিনিধি
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত ট্রাস্টের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বিশিষ্ট আলেমে দ্বীন ও শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন চেয়ারম্যান এবং মাওলানা মাহমুদুল হাসান সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন। জানা গেছে, গত মে মাসে অনুষ্ঠিত ট্রাস্টের বিশেষ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ও অনুমোদন দেয়া হয়।
নবনিযুক্ত চেয়ারম্যান ও সেক্রেটারির দায়িত্ব গ্রহণ উপলক্ষে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। এ উপলক্ষে গত ২০ জুন তা’মীরুল মিল্লাতের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন এবং সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন টাকসুর নেতারা।
সাক্ষাৎকালে ছাত্র সংসদের পক্ষ থেকে নতুন নেতৃত্বকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মাদরাসার শিক্ষা ও প্রশাসনিক পরিবেশের সার্বিক উন্নয়ন, মাঠ ও মসজিদের সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) ভিপি মঈনুল ইসলামসহ ছাত্র সংসদের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সৌজন্য সাক্ষাৎকালে নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেন, ‘মাদরাসার গৌরবময় ঐতিহ্য অক্ষুণœ রেখে এটিকে আরো আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে ছাত্র সংসদসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’
তিনি প্রতিষ্ঠানটির উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।



