ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম এ সবুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ মো: হাসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, মামলায় আদালতে হাজির হয়ে সময় চেয়ে আবেদন করেছিলেন এম এ সবুর। শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার সূত্রে জানা যায়, ১৭ মে হাইকোর্টের একটি বেঞ্চ এম এ সবুরকে আট সপ্তাহের মধ্যে চট্টগ্রামের জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ওই আদেশের পর ৯ জুলাই তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

দুদকের অভিযোগ, হাইকোর্টে আগাম জামিনের আবেদন করার সময় মামলার অভিযোগপত্র দাখিল হয়নি এমন তথ্য উপস্থাপন করা হয়েছিল। তবে এর আগেই ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো: মশিউর রহমান ৩৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলে মামলার বিচার কার্যক্রম শুরু হয়।