কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কাগডাঙ্গা-গোপালপুর সড়কের কাগডাঙ্গা সিকদার বাড়ির সামনে সকাল ৮টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সমাজসেবক কামাল হোসেন সিকদার মুঙ্গু, ফজল সিকদার, সামাদ ফকির, মাওলানা আমান উল্লাহ শেখ, মাহবুব সিকদার, ফোরকান শিকদার, শাহীন সিকদার, পিঞ্জুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালমান সিকদার বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গত দু’বছর আগে কাগডাঙ্গা-কাঠিগ্রাম খালের কাগডাঙ্গা জামে মসজিদের পাশে এলজিইডির অর্থায়ণে একটি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। কাজ শুরুর কিছু দিন পর পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের বাধার মুখে ব্রিজটির নির্মাণ বন্ধ হয়ে যায়। এলাকার জনগুরুত্বপূর্ণ এই উন্নয়ন কাজটি পুনরায় চালু করার জন্য দাবি জানায় বক্তারা।
উপজেলা প্রকৌশলী সফিউল আজম বলেন, ঠিকাদার ব্রিজটির নির্মাণ কাজ শুরু করেছিলেন। কিন্তু এলাকার কিছু লোকের বাধার মুখে ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে কথা বলার জন্য পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।



