সাভার (ঢাকা) সংবাদদাতা
ব্যক্তি, পরিবার, পেশা আর সংগঠনের দায়িত্বের মধ্যে সুন্দর ভারসাম্য বজায় রাখাই একজন দায়িত্বশীলের আসল পরিচয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, কোনো একটি কাজে অতিরিক্ত মন দিতে গিয়ে অন্য দায়িত্ব অবহেলা করা ঠিক নয়। আল্লাহ প্রদত্ত প্রতিটি আমানত সঠিকভাবে রক্ষা করাই মুমিনের প্রধান কাজ।
শনিবার সাভার পৌর এলাকার এক অডিটোরিয়ামে ঢাকা জেলা জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জোর দিয়ে বলেন, পেশাগত দায়িত্বও একটি বড় আমানত। কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার সাথে কাজ না করে শুধু দলীয় কার্যক্রমে ব্যস্ত থাকা যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি পরিবারের প্রতিও উদাসীন থাকা কাম্য নয়। সফল হতে হলে ব্যক্তিজীবনে আদর্শবান, পরিবারে দায়িত্বশীল, পেশায় সৎ ও সংগঠনে সক্রিয় হতে হবে।
শিক্ষাশিবিরে সভাপতির বক্তব্যে ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, জনগণের কল্যাণে কাজ করতে হলে নিজেদের জীবনে আগে শৃঙ্খলার চর্চা করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুব বিভাগের প্রধান মঞ্জরুল ইসলাম ভূঁইয়া সুষ্ঠু পরিকল্পনা, নিয়মিত কাজের তদারকি ও মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কুরআনের দারস পেশ করেন মহানগরী দক্ষিণের কর্ম পরিষদ সদস্য মাওলানা শরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইন। দুই দিনব্যাপী এই আয়োজন শেষ হয় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে।



