কানাডায় ভয়াবহ দাবানল

নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ ২০ হাজারের বেশি মানুষকে

Printed Edition

আলজাজিরা

কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলম্বিয়ার ওকানাগান লেক সংলগ্ন এলাকায় দাবানল তীব্র রূপ ধারণ করেছে। দ্রত ছড়িয়ে পড়া আগুনের কারণে ওই এলাকার ২০ হাজারের বেশি অধিবাসীকে অবিলম্বে নিরাপদ স্থানে স্থানান্তরের নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজের বরাতে জানা যায়, দাবানলের ঝুঁকিতে থাকা প্রায় ১২ হাজার মানুষের বসতি সামারল্যান্ডের সম্পূর্ণ এলাকা খালি করার নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে পিচল্যান্ড ও তার সংলগ্ন অঞ্চলের আরও প্রায় ৮ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় প্রথম এই আগুনের সূত্রপাত ঘটে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তা প্রায় ৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এতে ফাউল্ডার নামক একটি ছোট জনপদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছড়িয়ে পড়া বিভিন্ন চিত্রে ঘরবাড়ি ভস্মীভূত হওয়ার দৃশ্য দেখা যায়। উদ্ভূত পরিস্থিতিতে বাসিন্দারা দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করায় পেন্টিকটনমুখী সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় জরুরি তথ্য কর্মকর্তা এরিক থম্পসন পরিস্থিতিকে এই অঞ্চলে প্রত্যক্ষ করা অন্যতম ‘দ্রুত ছড়িয়ে পড়া ও দ্রুত বৃদ্ধি পাওয়া’ দাবানল হিসেবে চিহ্নিত করেছেন। পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটায় নিজের পরিবারকে সরিয়ে নিতে তিনি জরুরি কার্যক্রম কেন্দ্র ত্যাগ করতে বাধ্য হন। অধিবাসীদের অবিলম্বে নিরাপদ স্থানে যাওয়ার পাশাপাশি ঝুঁকিতে থাকা প্রতিবেশীদের সহায়তার অনুরোধ জানিয়েছেন এই কর্মকর্তা। ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি এক বিবৃতিতে জানান, এই দাবানলে ঘরবাড়ি ও সম্পদের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ায় কিছু মানুষ আটকা পড়েছেন।