রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন আজ

বাতিল বিনামূল্যের বই বিতরণের আনুষ্ঠানিকতা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে আজ সারা দেশে বিনামূল্যের পাঠ্যবই বিতরণ করা হবে। তবে এবার বই বিতরণে কোনো প্রকার আনুষ্ঠানিকতা থাকবে না। এ বিষয়ে গতকাল লিখিত নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরে বিনামূল্যের পাঠ্যবই বিতরণ নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে বই বিতরণে সব ধরনের আনুষ্ঠানিকতা পরিহার করতে হবে। অধিদফতরের এক কর্মকর্তা জানান, আমাদের আগের চিঠি বাতিল করা হয়েছে। যেহেতু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, সে ক্ষেত্রে নতুন চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এই পাঠ্যপুস্তক বিতরণকালে সব ধরনের আনুষ্ঠানিকতা পরিহার করতে হবে। এমন পরিস্থিতিতে, সব ধরনের আনুষ্ঠানিকতা পরিহার করে ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো। একই সাথে প্রাথমিকের পাঠ্যবই উৎসবমুখর পরিবেশে বিতরণ সংক্রান্ত অধিদফতরের চিঠিটি বাতিল করা হলো।