নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও কূটনৈতিক শিষ্টাচারের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব বিস্তারের উদ্যোগ দুই দেশের সুসম্পর্কের জন্য সহায়ক নয়। জনগণ নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করবে।
গতকাল শনিবার ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশে সাধারণ গ্রাহকদের ওপর ভুতুড়ে ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝা চাপানো হচ্ছে। অন্য দিকে মফস্বল ও গ্রামাঞ্চলে চলছে সীমাহীন লোডশেডিং। মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের ওপর একদিকে বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা, অন্য দিকে নিয়মিত বিদ্যুৎ না পাওয়ার ভোগান্তি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিদ্যুৎ খাতের অনিয়ম ও ভুতুড়ে বিলের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার পাশাপাশি মফস্বলাঞ্চলে লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
মামুনুল হক আরো বলেন, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো ধরনের প্রভাব বিস্তারের সুযোগ থাকা উচিত নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ও সংযত ভূমিকা পালন করতে হবে। একই সাথে জুলাই-আগষ্টের গণহত্যাসহ জনগণের ওপর সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে বাংলাদেশের আইনের মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বৈঠক পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এতে আরো বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা নেয়ামতুল্লাহ, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সল, মাওলানা আবু সাঈদ নোমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া প্রমুখ।



