পোরশা (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার নেতা প্রভাষক শরিফুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি ইসলামী আন্দোলন পোরশা উপজেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম।
জানা গেছে, গত মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগদানের জন্য দলীয় সদস্য ফরম পূরণ করেন প্রভাষক শরিফুল ইসলাম। তিনি বর্তমানে উপজেলার বারিন্দা ফাজিল মাদরাসার আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।
জামায়াতে যোগদানের বিষয়ে প্রভাষক শরিফুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের ভেতরের সাংগঠনিক কার্যক্রম ও নেতাকর্মীদের আচরণে তিনি হতাশ হয়েছেন। তিনি দাবি করেন, সংগঠনের কিছু নেতা ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিচ্ছেন, যা তাকে গভীরভাবে মর্মাহত করেছে। এসব কারণে তিনি দলটি ছাড়ার সিদ্ধান্ত নেন এবং ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বলে জানান।



