আনাদোলু
চীনের সেনাবাহিনী দক্ষিণ চীন সাগরে গতকাল শনিবার যুদ্ধ প্রস্তুতি মহড়া চালিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এ মহড়ায় যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ অংশ নেয়। চীনের পিপলস লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ড হুয়াংইয়ান দাও ও আশপাশের এলাকায় নৌ ও বিমান বাহিনী নিয়ে যুদ্ধ প্রস্তুতি টহল পরিচালনা করে।
হুয়াংইয়ান দাও, যা স্কারবরো শোল বা বাজো দে মাসিনলোক নামেও পরিচিত, দক্ষিণ চীন সাগরের একটি বিতর্কিত এলাকা। এ অঞ্চল ফিলিপাইনও দাবি করে। দীর্ঘদিন ধরে এ শোল বেইজিং ও ম্যানিলার মধ্যে সামুদ্রিক বিরোধের কেন্দ্রবিন্দু হয়ে আছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জানুয়ারি থেকে থিয়েটার কমান্ড এ অঞ্চলে নৌ ও বিমান টহল জোরদার করেছে। তারা বলছে, এ পদক্ষেপ উসকানি ও অনুপ্রবেশ ঠেকাতে, জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নেয়া হয়েছে।



