সংবাদ প্রকাশে মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

Printed Edition
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে সম্মাননা স্মারক তুলে দেন কেন্দুয়া প্রেস ক্লাব নেতারা : নয়া দিগন্ত
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে সম্মাননা স্মারক তুলে দেন কেন্দুয়া প্রেস ক্লাব নেতারা : নয়া দিগন্ত

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

গ্রাম বাংলার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র গণমাধ্যমে আরো গুরুত্বের সাথে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেছেন, শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা তুলে ধরে রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরিতেও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুক্রবার দুপুরে নেত্রকোনার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের মানুষের স্থির চিত্র জাতীয় পর্যায়ে তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে মানুষের সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা সম্ভব। সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, নিরপেক্ষতা ও মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, অপরাধী যদি ক্ষমতাসীন দলেরও হয়, তবু তাকে কোনো ছাড় দেয়া যাবে না। বর্তমান সরকার সাংবাদিকদের সর্বোচ্চভাবে মূল্যায়ন করছে। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে রাষ্ট্রবিরোধী কোনো সংবাদ প্রচার করা যাবে না।

কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি মো: সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ - ৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু ও নেত্রকোনা - ৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী।

সভায় কেন্দুয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা লিখিতভাবে তুলে ধরা হয়। এ সময় প্রতিমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেস ক্লাবের নেতারা। অনুষ্ঠানে কেন্দুয়া প্রেস ক্লাবের সাংবাদিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর পূর্বে কেন্দুয়া পাবলিক হলে অনুষ্ঠিত রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।