যে ম্যাচটি লরেন্ত ব্লাঙ্কের জন্যও স্মরণীয়

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক কানাডা থেকে

বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে যাওয়ার ম্যাচ আজ। ফ্রান্স ও প্যারাগুয়ের এই খেলায় যে দল জিতবে তারাই যাবে শেষ আট বা কোয়ার্টার ফাইনালে। ল্যাটিন আমেরিকান দেশ প্যারাগুয়ে। এই দেশটির বিপক্ষে ফ্রান্স এ পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে। তবে এখন পর্যন্ত প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে হারতে হয়নি। তিনটিতে জয় আর দুই ড্র। আজ বিশ্বকাপে তৃতীয়বারের মতো তাদের মোকাবেলা হচ্ছে। এর আগে ১৯৫৮ সালে দুই দলের মোকাবেলায় ফ্রান্স ৭-৩ গোলে হারিয়েছিল প্যারাগুয়েকে। ১৯৯৮ সালের বিশ্বকাপে ফ্রান্স ১-০ হারিয়েছিল দক্ষিণ আমেরিকান দেশটিকে। ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র হওয়ায় পর অতিরিক্ত সময়ে গোল্ডেন গোল করেন লরেন্ত ব্লাঙ্ক।

সেই গোলটি হওয়ার সাথে সাথেই খেলা শেষ। কারণ তখন বিশ্বকাপে গোল্ডেন গোলের নিয়ম ছিল। ফলে লরেন্ত ব্লাঙ্ক চলে গেছেন বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোল্ডেন গোলের তালিকায়।

নিশ্চয়ই আজ ব্লাঙ্কের মনে পড়বে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের সেই ম্যাচের স্মৃতির কথা। ২৮ বছর পর দল দু’টির আবার দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে হবে এই ম্যাচ। প্যারাগুয়েকে সেই আসরে হারিয়েই নক আউট পর্ব জেতা শুরু করেছিল জিনেদিন জিদানের দল।