অস্ট্রেলিয়ায় অস্ত্র আইন আরো কঠোর করার পরিকল্পনা

Printed Edition

এএফপি

অস্ট্রেলিয়ায় ইহুদিদের উৎসবে হামলায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় অস্ত্র আইন আরো কঠোর করার পরিকল্পনা করা হচ্ছে। প্রায় ৩০ বছরের মধ্যে এটাই ছিল সবচেয়ে ভয়াবহ গণহত্যার ঘটনা। সোমবার অস্ট্রেলিয়া সরকার দেশটিতে অস্ত্র আইন আরো কঠোর করার পরিকল্পনার বিষয়ে ইঙ্গিত দিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

অস্ট্রেলিয়া পুলিশ বলছে, ইহুদিদের একটি উৎসবকে লক্ষ্য করে সিডনির বন্ডাই বিচে গুলি চালিয়ে যারা ১৫ জনকে হত্যা করেছেন তারা ছিলেন বাবা ও ছেলে। এর মধ্যে ৫০ বছর বয়সী ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছেন এবং তিনি একটি ‘গান ক্লাবের’ সদস্য ছিলেন। তার অস্ত্র রাখার লাইসেন্স ছিল। অন্য দিকে তার ২৪ বছর বয়সী ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এরই মধ্যে হামলাকারীদের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। হামলাকারীরা হলেন, সাজিদ আকরাম এবং তার ছেলে নাভিদ আকরাম। স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, সাজিদ আকরাম ১৯৯৮ সালে শিক্ষার্থী ভিসায় অস্ট্রেলিয়ায় আসেন। অপর দিকে তার ছেলে জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক।

অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারক এবিসি নিউজ কোনো সূত্রের উদ্ধৃতি না দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, বন্দুকধারীদের গাড়িতে দু’টি ইসলামিক স্টেটের পতাকা পাওয়া গেছে।