বিশ্ববিদ্যালয়সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীতে যুবক নিহত

Printed Edition

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে বিশ্ববিদ্যালয়ে পড়–য়া ছোট ভাইয়ের সাথে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খন্দকার নাহিদ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলায় প্রধান অভিযুক্তসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে মো: মাহিন (২৩), মো: নাহিদ (২৩), তুষার আহমেদ হৃদয় ওরফে ছোটন (২২) এবং সাইফুল ইসলাম হীরাকে (২৩) গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাহিদের মৃত্যু হলে তার মা বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা পাঁচ-সাতজনের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের পানির ট্যাংকের বিপরীতে একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় নাহিদের ওপর হামলা চালানো হয়। এর আগে ঢাকায় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়–য়া নাহিদের ছোট ভাইয়ের সাথে একই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরোধের সূত্র ধরে এ ঘটনার সূত্রপাত হয়।

আহত নাহিদকে প্রথমে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে বরিশালে রেফার করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাজেদুল ইসলাম সজল জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।