ক্রীড়া প্রতিবেদক
হঠাৎ গতকাল জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেন ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন (সিবিএফ) কর্মকর্তারা। এরপর তারা পরিদর্শন করেন বসুন্ধরা কিংস এরিনার প্র্যাকটিস গ্রাউন্ড। ৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে ভারতের সাথে প্রীতিম্যাচ খেলার কথা পাঁচবারের বিশ^ চ্যাম্পিয়ন ব্রাজিলের। ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সাথে দু’টি ম্যাচ খেলবে ব্রাজিল। অস্ট্রেলিয়া থেকে ভারতে যাওয়ার সময় ব্রাজিল দল বাংলাদেশে এসে অনুশীলন করতে পারবে কি না সেই সম্ভাবতা যাচাই করে দেখছে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ। কারণ ব্রাজিলিয়ানদের পছন্দ হয়নি কলাকাতার ম্যাচের মাঠ, অনুশীলন মাঠ, টয়লেট, ড্রেসিং রুম কোনোটিই পছন্দ হয়নি। তারা অসমান মাঠ, মাঠে ঘাসের ঘনত্ব নিয়ে আপত্তি তুলেছেন। তাদের মতে এমন মাঠে খেললে ইনজুরিতে পড়তে পারেন ভিনিসিয়াস জুনিয়ররা। কলকাতার মাঠ পছন্দ না হওয়ায় এবং কলকাতা থেকে ঢাকার দূরত্ব কম হওয়ায় নিরপেক্ষ ভেনু হিসেবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারত ও ব্রাজিলের ম্যাচ হওয়ার চান্স আছে। বাফুফের সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন জানান তা।



