ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলা রাষ্ট্রীয় দায়িত্ববোধের পরিপন্থী : নেজামে ইসলাম পার্টি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের ওপর পুলিশি হামলা, লাঠিচার্জ ও গুলি নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, উচ্চশব্দে গানবাজনার প্রতিবাদ জানাতে গিয়ে মাদরাসাছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ এবং পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। শিক্ষার্থীদের অভিযোগের সমাধান সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে না করে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগের অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা। কোনো পরিস্থিতিতে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠলে তারও জবাবদিহি নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে হতে পারে না।

নেজামে ইসলাম পার্টির মহাসচিব বলেন, এ ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে স্বচ্ছ ও নিরপেক্ষ অনুসন্ধান জরুরি। সংঘর্ষের সূত্রপাত কিভাবে হয়েছে, শিক্ষার্থীদের ওপর কী ধরনের বলপ্রয়োগ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ কতটা আইনসঙ্গত ছিল এসব বিষয় দ্রুত তদন্তের মাধ্যমে জাতির সামনে স্পষ্ট করতে হবে।