খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর বাজার এলাকায় পাহাড়ি-বাঙালি ধাওয়া-পাল্টাধাওয়া এবং দোকান ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক অনুদান প্রদান করেছে ৩২ বিজিবি।
গতকাল বুধবার দুপুরে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) সম্মেলন কক্ষে স্বনির্ভর বাজারের নবনির্বাচিত বাজার কমিটি, স্থানীয় দোকান ব্যবসায়ী এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে এক আলোচনা ও মতবিনিময় সভা শেষে নবনির্বাচিত সভাপতি রনিক ত্রিপুরার হাতে অনুদানের অর্থ তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল কামরান কবির উদ্দিন। এ সময় তিনি প্রদানকৃত অনুদান দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের বিতরণের জন্য সভাপতিকে আহ্বান জানান।
এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল কামরান কবির উদ্দিনের সভাপতিত্বে ওই সভায় স্বনির্ভর বাজারের নবনির্বাচিত বাজার কমিটির সাথে কুশলবিনিময় ও সব ব্যবসায়ীদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ২৭ সেপ্টেম্বর স্বনির্ভর বাজারে ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনার জন্য অধিনায়ক দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন।
এ ছাড়াও স্বনির্ভর বাজার এলাকায় যেকোনো ধরনের দাঙ্গা, সহিংসতা এবং ব্যবসায়ীদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়, সে বিষয়ে নবনির্বাচিত বাজার কমিটিকে যথাযথভাবে সজাগ দৃষ্টি রাখার এবং সব ব্যবসায়ীদেরকে পাহাড়ি বাঙালি ভেদাভেদ ভুলে সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে শান্তিপূর্ণভাবে মিলেমিশে কাজ করার জন্য অধিনায়ক সবাইকে আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ চলাকালে পাহাড়ি-বাঙালি সহিংসতা সৃষ্টি হয়। এ সময় জেলা সদরের স্বনির্ভর বাজারে বাঙালিদের ১২টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায় দুষ্কৃতকারীরা।



