নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জাতিসঙ্ঘের

হাদি হত্যার নিন্দা

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব পক্ষকে সহিংসতা পরিহার, উত্তেজনা প্রশমন এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি একই সাথে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার নিন্দা জানিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

গতকাল নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ দফতরে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে গুতারেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের তরুণ নেতা শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জাতিসঙ্ঘ মহাসচিব নিন্দা জানিয়েছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুযায়ী হাদি হত্যার দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

মুখপাত্র বলেন, জাতিসঙ্ঘে মহাসচিব সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহিংসতা থেকে বিরত থাকা, উত্তেজনা কমানো এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন।

এ দিকে কমনওয়েলথ মহাসচিব শির্লে বোচওয়ে এক বিবৃতিতে হাদি হত্যার ঘটনায় শোক প্রকাশ করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমি বাংলাদেশের সাধারণ মানুষের শোকের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ঢাকা ও দেশের অন্যান্য স্থানে সাম্প্রতিক সহিংসতার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।

কমনওয়েলথ মহাসচিব বলেন, আমি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং গণমাধ্যমকর্মীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্তর্বর্তী সরকার সহিংসতায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে সবাইকে সংযম প্রদর্শন, দায়িত্বশীল আচরণ করা ও ঘৃণা বর্জনের আহ্বান জানিয়েছে। এই বক্তব্যকে আমি স্বাগত জানাই। আমি এই সঙ্কটময় সময়ে শান্তি বজায় রাখা এবং সর্বোচ্চ ধৈর্য ও বিচক্ষণতা প্রদর্শনের আহ্বান জানাই।

গতকাল জার্মান দূতাবাস জানায়, বাংলাদেশ ও এর জনগণের সাথে সংহতি প্রকাশ করে শরিফ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় শোক দিবস পালনের জন্য ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।