সিলেটে স্বাস্থ্য খাতে অনেক ভবন ও অবকাঠামো এখনো ঠিকমতো ব্যবহৃত হচ্ছে না - স্বাস্থ্যমন্ত্রী

Printed Edition

সিলেট ব্যুরো

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। জাতীয় বাজেটেও এ দুই খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, তা শতভাগ কার্যকরভাবে কাজে লাগাতে হবে। সঠিক পরিকল্পনা ও আন্তরিক বাস্তবায়নের মাধ্যমেই স্বাস্থ্যসেবার কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব।

তিনি বলেন, সিলেটে স্বাস্থ্য খাতে অনেক ভবন ও অবকাঠামো নির্মাণ করা হয়েছে। কিন্তু সবগুলো এখনো কাক্সিক্ষতভাবে ব্যবহৃত হচ্ছে না। এসব অবকাঠামোকে জনগণের কার্যকর সেবায় কাজে লাগাতে হবে। সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের পথ বের করতে হবে।

গতকাল সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন এবং এটি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্র“তিও ছিল।

সমন্বিতভাবে কাজ করলে সিলেটকে দেশের অন্যতম চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: মো: জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিলেট-৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: উমর রাশেদ মুনির, ওসমানী মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা: মোস্তফা তৌফিক আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা: মো: নূরে আলম শামীম, জেলা সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দিন এবং সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: জাহিদুল ইসলাম প্রমুখ।