নয়া দিগন্ত ডেস্ক
দেশের পাঁচ জেলা থেকে নারী ও শিশুসহ পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন।
সিলেট ব্যুরো জানায়, সিলেটে নিখোঁজের পাঁচ দিন পর নগরীর দক্ষিণ সুরমা এলাকা থেকে গত শুক্রবার এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে ।
সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী দরিয়া শাহ মাজারের পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে শাকিল আহমদ রাসেল (২৫) নামে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নওগাঁ জেলার সদর থানার সুলতানপুর গ্রামের মো: শহিদুল ইসলামের ছেলে। তার শ্বশুরবাড়ি সিলেটের মোগলাবাজার এলাকায়। কদমতলি ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুল ইসলাম জানান, শাকিল আহমদ রাসেল একটি ওয়ার্কশপে কাজ করতেন। থাকতেন শ্বশুরবাড়িতে। তবে নেশা করতেন তিনি। প্রায়ই নিখোঁজ হয়ে যেতেন শাকিল। পরে আবার ফিরে আসতেন। পাঁচ দিন আগে এভাবে নিখোঁজ হন। পরে শুক্রবার দুপুরে স্থানীয়রা দরিয়া শাহ মাজারের পাশে একটি পরিত্যক্ত ঘরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে বিকেলের দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধারের পর সেটি শাকিলের বলে শনাক্ত হয়। এসআই মফিজ জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায়ই মারা গেছেন ওই যুবক। শরীরে আঘাতের চিহ্ন নেই। তবে ময়নাতদন্ত হচ্ছে, রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে ভেসে যাচ্ছিল গলায় কলস ও চোখমুখ বাঁধা ছাহেরা খাতুন (৫০) নামে এক নারীর লাশ। গত শুক্রবার রাতে ১০টার দিকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মো: নাজমুল হুদা খান। নিহত ছাহেরা খাতুন হাজীপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, তিনি একই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে। স্থানীয়রা জানান, ধামরাই উপজেলার সদর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদীতে একটি লাশ ভেসে যেতে দেখে এলাকার লোকজন ধামরাই থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বলা যাবে, কিভাবে তার মৃত্যু হয়েছে।
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের আনোয়ারায় মো: সাকিব (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিব স্থানীয় বাসিন্দা ইউনুসের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে সাকিবের মা ও পরিবারের অন্য সদস্যরা একটি দাওয়াতে গিয়েছিলেন। এ সময় সাকিব বাড়িতে একাই ছিলেন। রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে তাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ফেনী অফিস জানায়, ফেনীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর সিদরাতুল মুনতাহা আয়াত (৩) নামে এক শিশুর লাশ শুক্রবার পুকুরে পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে শিশুটি নিখোঁজ হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের মধ্যম চর চান্দিয়া গ্রামের ঈদগাহের পশ্চিম পাশে মোজাফফর আলীর বাড়িতে। সে ওই বাড়ির শেখ সাহাব সজীব ও জান্নাতুল ফেরদাউস মনির মেয়ে। সজীব ও মনি স্বামী-স্ত্রী ছাড়াও আপন চাচাতো ও জেঠাতো ভাইবোন। এ ঘটনায় শিশুর পিতা ও মাতার পরিবারের পক্ষ থেকে থানায় পাল্টাপাল্টি অভিযোগে শিশুর মৃত্যর রহস্য নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও নিহত শিশুর স্বজনরা জানায়, উপজেলার মধ্যম চর চান্দিয়া এলাকার শেখ মুজিবের ছেলে শেখ সাহাব সজীব ও তার ভাই শেখ আলীর মেয়ে জান্নাতুল ফেরদাউস মনির সাথে পাঁচ বছর আগে বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের বছর খানেক পর সজীব জীবিকার তাগিদে সৌদি আরব চলে যান। কিছুদিন পর পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তার স্ত্রী ও শিশুকন্যাকে শ্বশুর ও শাশুড়ি ঘর থেকে বের করে দেন। তখন জান্নাতুল ফেরদাউস শিশুকন্যাকে নিয়ে পিতার ঘরে আশ্রয় নেন।
জান্নাতুল ফেরদাউস বলেন, গত কয়েক দিন আগে শিশুর দাদা, দাদি, ফুফু ও চাচা মিলে শিশুটিকে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখেন। তার অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন খোকনের মধ্যস্থতায় শিশুটিকে তার মায়ের কাছে ফেরত দেন। আগামী মাসে সৌদি আরব থেকে সজীব দেশে আসার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মনি তার শিশুকন্যা আয়াতকে দাদীর কাছে রেখে নিজের পিতার ঘরে গৃহস্থালির কাজ করছিলেন। বেলা ১টার দিকে দাদী নামাজ পড়তে গেলে শিশুটি রহস্যজনকভাবে নিখোঁজ হন। দুপুর দেড়টার দিকে শিশুর দাদা শেখ মুজিব বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। অনেক খুঁজেও শিশুটিকে না পেয়ে রাতে শিশুর মা মনি বাদি হয়ে দাদাসহ তিনজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে রাত ১২টার দিকে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভোর ৫টার দিকে শিশুর ফুফু রুমি আক্তার শিশুটির মৃতদেহ পুকুরে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে বাড়ির লোকজন ছুটে এসে শিশুর লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে পুলিশ শিশুর লাশ ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে বাদ আসর নামাজে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় মো: চাঁন মিয়া (৬০) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ভালুকা মডেল থানা পুলিশ গত শুক্রবার রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামের চান মিয়ার বসতঘর থেকে তার গলিত লাশ উদ্ধার করে।
থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামের চান মিয়ার বসতঘরের পাশ দিয়ে যাওয়ার সময় এলাকার ছেলেরা দুর্গন্ধ পায়। বিষয়টি জানাজানি হলে, আশপাশের লোকজন এসে ওই ঘরের জানালা দিয়ে দেখতে পান মেঝেতে চান মিয়ার অর্ধগলিত লাশ পড়ে আছে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ শুক্রবার রাতেই লাশটি উদ্ধার করে আনে।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো: রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সপ্তাহখানেক আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কালীগঞ্জ(ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে শনিবার সকাল ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত দু’জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র ও গরুর মালিকের দেয়া তথ্য অনুযায়ী, গভীর রাতে বিধবা নিলুফা ইয়াসমিন (মিন্টু) বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার ঘরের দরজায় বাইরে থেকে তালা দেয়া। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করে তালা ভেঙে বাইরে বের হয়ে গোয়ালঘরে গিয়ে দেখতে পান, সেখানে থাকা দু’টি গরুর একটি নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে একটি গরু পাওয়া যায় এবং চোর সন্দেহ দু’জনকে গণপিটুনি দেয়া হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ফজলুল আলম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে উপজেলার লালানগর ইউনিয়নের চাঁদনগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার লালানগর ইউনিয়নের চাঁদনগর এলাকায় ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে ভুক্তভোগী শিশুর পিতা মামলা করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা লালানগরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাত্র দুই ঘণ্টার মধ্যে একমাত্র এজাহারনামীয় আসামি ফজলুল আলমকে গ্রেফতার করে।
গতকাল শনিবার রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জহির উদ্দিন বলেন, শিশু নির্যাতনের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।



