বিনোদন প্রতিবেদক
সুমাইয়া অর্পা, এই প্রজন্মের একজন দর্শকপ্রিয় অভিনেত্রী। ২০২২ সালে মিফতাহ আনানের পরিচালনায় ‘ঢাকাইয়া ওয়েডিং’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অর্পার যাত্রা শুরু হয়। এরপর একে একে তিনি বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের সাথে অর্পা প্রথম অভিনয় করেন মুহিন খানের পরিচালনায় ‘দুষ্টু শ্বশুর মিষ্টি জামাই’ নাটকে। এরপর আরো ১৫টিরও বেশি নাটকে তিনি নিলয় আলমগীরের সাথে অভিনয় করার সুযোগ পেয়েছেন। অর্পার ভাষ্যমতে, সবগুলোতেই তিনি নিলয়ের সাথে সেকেন্ড লিড ক্যারেক্টার করার সুযোগ পেয়েছেন। এরই মধ্যে বেশ কয়েক মাস যুক্তরাষ্ট্র থেকে স্ত্রী ও কন্যাকে নিয়ে দেশে ফিরেই আবারো নাটকে অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন নিলয় আলমগীর। সুমাইয়া অর্পারও সৌভাগ্য হলো আবারো নিলয় আলমগীরের সাথে আগামী ঈদে প্রচারের জন্য নাটকে অভিনয় করার। নাটকের নাম ‘সিঙ্গেল ফাদার’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহিন খান। অর্পা জানান, নিলয়ের সাথে এই নাটকে একটি প্রেম প্রেম ভাবের সম্পর্ক গড়ে ওঠার গল্প দেখা যাবে। সুমাইয়া অর্পা বলেন, ‘নিলয় আলমগীর ভাই ভীষণ ভালো মনের একজন মানুষ। সেই সাথে তিনি একজন গুণী অভিনেতাও বটে। আমার অভিনয় জীবনের শুরু থেকেই বলা যায়, তার সাথে নাটকে অভিনয় করার সুযোগ হয়ে আসছে। তিনি অভিনয়ে সবসময়ই ভীষণ সহযোগিতাপরায়ণ। সিঙ্গেল ফাদার নাটকে তার সাথে অভিনয় করে খুব ভালো লাগল। ধন্যবাদ পরিচালক মুহিন ভাইকে আমাকে আবারো সুন্দর একটি গল্পে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য।’ ফরিদপুরের মেয়ে সুমাইয়া অর্পা ঢাকার একটি বেসরকারি বিশ^বিদ্যালয়ে বিবিএ তৃতীয় বর্ষে পড়ছেন। আগ্রহ রয়েছে ভালো গল্পের সিনেমাতে অভিনয় করেন। এই মুহূর্তে তার অভিনীত অরণ্য আনোয়ার পরিচালিত ‘নোয়াখালী এক্সপ্রেস’ ধারাবাহিক নাটকটি গ্লোবাল টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে। এরই মধ্যে আগামী ঈদে প্রচারের জন্য মুহিন খানের পরিচালনায় মোশাররফ করিমের সাথে ‘আমার সুন্দরী শালীরা’ নাটকে অভিনয় করেছেন। অর্পার বাবা মো: শাহেদ আলী ও মা খুরশীদা বেগম। দুই ভাই এক বোনের মধ্যে অর্পা মেঝো।



