কিউএস র‌্যাংকিংয়ে রুয়েট ছাড়া চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়

Printed Edition

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ, স্বীকৃত এবং প্রভাবশালী বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সংস্থা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৭ প্রকাশ করেছে। এবারের বৈশ্বিক র‌্যাংকিংয়ে বাংলাদেশের মোট ১৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তবে দেশের অন্যতম প্রধান প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবার বৈশ্বিক এই তালিকায় জায়গা করে নিতে পারেনি।

অন্য দিকে দেশের চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এবারের র‌্যাংকিংয়ে স্থান পেয়েছে।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েট দ্বিতীয় অবস্থানে রয়েছে। বৈশ্বিক র‌্যাংকিংয়ে বুয়েটের অবস্থান ৭১১-৭২০ ব্যান্ডে। এ ছাড়াও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) রয়েছে ১৪০১+ ব্যান্ডে।

এবারের র‌্যাংকিংয়ে দেশের মোট ১৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ তালিকায় আরো রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ দেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। তবে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েট, কুয়েট, চুয়েট ও আইইউটি জায়গা করে নিলেও রুয়েট এবার তালিকা থেকে বাদ পড়েছে।

এর আগে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৬-এ রুয়েট ১৪০১+ ব্যান্ডে অবস্থান করেছিল। একই র‌্যাংকিংয়ে বুয়েট ছিল ৭৬১-৭৭০ ব্যান্ডে, আইইউটি ছিল ১২০১-১৪০০ ব্যান্ডে এবং কুয়েট ও চুয়েট ছিল ১৪০১+ ব্যান্ডে। দীর্ঘদিন আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে থাকা রুয়েট এবার সেই অবস্থান ধরে রাখতে পারেনি।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে। এর মধ্যে রয়েছে অ্যাকাডেমিক সুনাম, নিয়োগদাতাদের কাছে সুনাম, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, গবেষণার মান ও প্রভাব, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি এবং টেকসই উন্নয়ন। এসব সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়ন করে কিউএস প্রতি বছর এই র‌্যাংকিং প্রকাশ করে।

বিশ্বের অন্যতম প্রভাবশালী বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং হিসেবে বিবেচিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৭-এ এবার বিশ্বের ১ হাজার ৫০০টির বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ১০৬টি দেশ ও অঞ্চলের বিশ্ববিদ্যালয়কে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও কর্মসংস্থান সমতাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।