রাঙ্গুনিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

Printed Edition

রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে দুইটি বাড়ি পুড়ে গেছে। লেলিহান আগুনে নগদ টাকা, মূল্যবান মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করা হয়েছে। গত শুক্রবার রাতে পৌরসভার সিকদার পাড়া ও সরফভাটা মীরেরখীল ইটভাটায় অগ্নিকাণ্ড ঘটে।

জানা যায়, উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ঘাটচেক এলাকার সিকদার পাড়ায় রোকেয়া বেগমের বসতবাড়ির চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে একটি কাঁচা বসতবাড়ি, গোয়ালঘর ও খড়ের গাদা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় একটি গরু আহত হয়েছে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এদিকে শুক্রবার রাত সাড়ে ১১টায় সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরেরখীল কে বি ডব্লিউ ইটভাটায় দুর্বৃত্তদের দেয়া আগুনে শ্রমিকদের একটি তিন কক্ষের কাঁচা বাড়ি ও একটি স্কাভেটর পুড়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।