তেলের দাম বাড়ার গুঞ্জনে মাদারগঞ্জে ফিলিং স্টেশনে ভিড়

Printed Edition

এম আর সাইফুল মাদারগঞ্জ (জামালপুর)

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে পারে- এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় জামালপুরের মাদারগঞ্জে ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সম্ভাব্য মূল্যবৃদ্ধির আশঙ্কায় মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের চালকরা আগেভাগেই জ্বালানি সংগ্রহে ভিড় করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক তেল সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তার কথা ছড়িয়ে পড়েছে। এর প্রভাবেই স্থানীয়ভাবে তেলের দাম বাড়তে পারে- এমন গুঞ্জন ছড়িয়ে পড়ছে এলাকায়।

গত বৃহস্পতিবার সকাল থেকে মাদারগঞ্জ পৌর এলাকার মেসার্স লাবনী ফিলিং স্টেশন ও তুহিন মৌসুমি ফিলিং স্টেশনসহ কয়েকটি জ্বালানি তেল বিক্রয়কেন্দ্রে মোটরসাইকেল, প্রাইভেটকার, অটোরিকশা ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। অনেক চালক ট্যাংক পূর্ণ করে রাখার জন্য ভিড় করছেন। স্থানীয়রা জানান, গতকাল পর্যন্ত উপজেলার দুটি ফিলিং স্টেশনের অবস্থা স্বাভাবিক ছিল। তবে গত রাতে তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে ডিজেল, পেট্রোল ও অকটেন শেষ হয়ে যায়। ফলে বৃহস্পতিবার লাবনী ফিলিং স্টেশনে গ্রাহকদের চাপ কয়েক গুণ বেড়ে যায়।

এ দিকে নির্ধারিত মূল্যের চেয়ে লিটারপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেশি নেওয়ার অভিযোগ উঠেছে কিছু খুচরা বিক্রেতার বিরুদ্ধে। উপজেলার গোপালপুর এলাকার খুচরা ব্যবসায়ী সাবুল মিয়া বলেন, ‘আমরা প্রতি লিটার পেট্রোল ১২৫ টাকা দরে কিনেছি। লাভ ছাড়া তো বিক্রি করা সম্ভব নয়।’ তবে তিনি কোথা থেকে বেশি দামে পেট্রোল কিনেছেন, সে বিষয়ে কোনো ক্রয় মেমো দেখাতে পারেননি।

স্থানীয় এক মোটরসাইকেল চালক বলেন, ‘শুনছি তেলের দাম হঠাৎ বাড়তে পারে। তাই আগে থেকেই ট্যাংক ভর্তি করে রাখছি।’ পরিবহন শ্রমিক মঞ্জুরুল ইসলাম বলেন, ‘যদি তেলের দাম বাড়ে, তাহলে পরিবহন ভাড়াও বাড়বে। তাই যতটা সম্ভব আগে থেকেই জ্বালানি সংগ্রহ করে রাখছি।’

মেসার্স লাবনী ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, ‘সরকারিভাবে এখনো জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো ঘোষণা আসেনি। তিনি বলেন, ‘আমাদের কাছে যতটুকু মজুত আছে, তা আগের নির্ধারিত দামেই বিক্রি করছি। তবে গুজব ছড়িয়ে পড়া এবং অন্য একটি ফিলিং স্টেশন বন্ধ থাকায় গ্রাহকের চাপ বেড়ে গেছে। গত দুই দিনে সাধারণ সময়ের তুলনায় প্রায় ৪০-৫০ শতাংশ বেশি জ্বালানি বিক্রি হয়েছে।’