আজ শুরু নারী সাফ ফুটবল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে ও হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য প্রস্তুত নারী দল। সাফ ফুটবলে গত কয়েক বছর ধরে মেয়েদের দুর্দান্ত পারফরম্যান্স পুরো দেশজুড়ে এক দারুণ উন্মাদনা তৈরি করেছে। সোনালি সাফল্যগত কয়েক বছরে দক্ষিণ এশিয়ার ফুটবলে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে বাংলার বাঘিনীরা। নেপাল ও ভুটানের ম্যাচ দিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে নারী সাফ ফুটবল। বিকেল ৪.৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। ২৮ মে সন্ধ্যা ৭.৩০ মিনিটে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন শুরু করবে বাংলাদেশ।

নেপালে অনুষ্ঠিত সাফ ফুটবলের আগের দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২২ আসরে শক্তিশালী স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ গ্রহণ করেছিল বাংলাদেশ। পরের আসরেরও একই প্রতিপক্ষের বিপক্ষে ফাইনালে ২-১ ব্যবধানে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে শিরোপা ধরে রাখে সাবিনা খাতুন-কৃষ্ণা রানীরা। এবার তাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন। তবে বাংলাদেশ দলে নেই আগের দুইবারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাবিনা খাতুন। এ ছাড়া স্কোয়াডের বাইরে আছেন ডিফেন্ডার মাসুরা পারভীন, ফরোয়ার্ড কৃষ্ণা রানী, মিডফিল্ডার সানজিদা আক্তার, ফরোয়ার্ড সুমাইয়া মাতসুসিমা। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করায় এবার দলে নেই তারা। অবশ্য এদের ছাড়াই এশিয়ান কাপ বাছাইপর্ব অংশ নিয়ে চূড়ান্তপর্বেও কোয়ালিফাই করেছিল বাংলাদেশ। যদিও এরপর আর কোনো সাফল্য নেই।

প্রশ্ন উঠেছে সাবিনাদের ছাড়া সাফের হ্যাটট্রিক মিশনে যাওয়া বাংলাদেশ দল শিরোপা ধরে রাখতে পারবে কিনা। যা কোচ পিটার বাটলারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তার ওপর এবারের আসরের আয়োজক ভারত। বাংলাদেশ গত দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল নেপালের মাঠে। তবে গতবার বাংলাদেশ দলে ছিল প্রবাসী সুমাইয়া। এবার যোগ হয়েছেন সুইডেন প্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী।

সাফে শিরোপা ধরে রাখার মিশনে যাওয়ার আগে বাংলাদেশ দল থাইল্যান্ডের এলপাইন ট্রেনিং সেন্টারে দুই সপ্তাহের নিবিড় প্রস্তুতি ক্যাম্প করে। সেখানে থাই দু’টি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারায় থাই ক্লাব কাসেম বুন্ডিতকে। পরের ম্যাচে ৩-১ গোলে হার পিটার বাটলারের দলের। এরপর ২১ মে সকালে ব্যাংকক থেকে সরাসরি যাত্রা করে ভারতের গোয়ার পথে। তবে থাইল্যান্ড ক্যাম্পকে দলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে উল্লেখ করেছেন প্রধান কোচ বাটলার। তিনি বলেন, এই ক্যাম্প আমাদের অনেক ইতিবাচক অভিজ্ঞতা দিয়েছে। কিছু ভুলও ধরা পড়েছে, যেগুলো থেকে দল শিখতে পেরেছে। সব মিলে এটি খুবই কার্যকর প্রস্তুতি ছিল।

দলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমা বলেন, ‘আমরা কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের পুরোপুরি প্রস্তুত করেছি। তীব্র গরম ও কঠিন পরিবেশে ক্যাম্প করায় সবাই শারীরিক ও মানসিকভাবে ভালো অবস্থায় আছে। আমরা চাই সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের সেরাটা দিতে ও শিরোপা ধরে রাখতে। দেশবাসীর সমর্থন সবসময় আমাদের অনুপ্রাণিত করে। আমাদের লক্ষ্য থাকবে ট্রফি জিতে দেশকে উপহার।

এবারের নারী সাফ ফুটবলে গ্রুপ ‘বি’তে বাংলাদেশ। গত দুই আসরের চ্যাম্পিয়নদের সাথে গ্রুপে রয়েছে আসরের স্বাগতিক ভারত ও মালদ্বীপ। বাংলাদেশের প্রথম ম্যাচে ২৮ মে মালদ্বীপের বিপক্ষে। ৩১ মে গ্রুপের শেষ ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। গ্রুপ ‘এ’তে আছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। উদ্বোধনী ম্যাচে ‘এ’ গ্রুপে আজ বিকেল ৪.৩০ মিনিটে নেপালের মুখোমুখি হবে ভুটান। সন্ধ্যা ৭.৩০ মিনিটে ভারতের মোকাবেলা করবে মালদ্বীপ।

২৩ সদস্যের স্কোয়াড : আফঈদা খন্দকার (অধিনায়ক), রুপনা চাকমা, মিলি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, স্বর্ণা রানী মণ্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভী আক্তার আফরিন, সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার সিনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, উমেহেলা মারমা, মোছাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন ও আনিকা রানিয়া সিদ্দিকী।