ক্রীড়া প্রতিবেদক
প্রথম পর্বের মতো ফিরতি পর্বেও জয়ে শুরু ফর্টিস এফসির। ঠিক প্রথম পর্বে তারা দুইবার বল ফেলেছিল মোহামেডানের জালে। গতকাল কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামেও ইউনাইটেড হেলথ কেয়ার বাংলাদেশ ফুটবল লিগ সাদা কালোদের জালে দুই বার বল পাঠানো। অবশ্য এবার আর ক্লিনসিটে জিততে পারেনি ফর্টিস। মাসুদ পারভেজ কায়সারের দলের এবারের জয় ২-১ গোলে। আর তা ১০ জনকে নিয়েও। জয়ের ফলে বসুন্ধরা কিংসের সাথেই ২১ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে ফর্টিস। আর মোহামেডান ফের হেরে ১০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ৬ নাম্বারে।
পুনরায় আলফাজ বাহিনীর বিপক্ষে ফর্টিসের এই জয়ের নায়ক স্ট্রাইকার ঈসা জাল্লো। গাম্বিয়ার এই ফরোয়ার্ড ২০ ও ৫১ মিনিটে জোড়া গোল করেন। ৬৪ মিনিটে অবশ্য ব্যবধান কমায় মোহামেডান। পেনাল্টি থেকে গোল করেন উজবেকিস্তানের মোজাফফরভ। এর ঠিক আগেই ১০ জনে পরিণত হয় ফর্টিস। তাদের বয়সভিত্তিক কোটার ফুটবলার সাজ্জাদ হাসান জুম্মান নিঝুম লাল কার্ড পান। তবে প্রতিপক্ষের এই এক খেলোয়াড় কম থাকার কোনো সুবিধাই নিয়ে পারেনি লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে হারে ফিরতি পর্ব শুরু করতে হলো মোহামেডানকে।


