পেঁয়াজের বাড়তি দামে উচ্ছ্বসিত বোয়ালমারীর কৃষকরা

Printed Edition

ইকবাল হোসেন লিমন বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পেঁয়াজ চাষ বহু দশকের এক ঐতিহ্য। এ অঞ্চলের উর্বর দো-আঁশ মাটি, অনুকূল আবহাওয়া ও কৃষকদের দীর্ঘ অভিজ্ঞতা পেঁয়াজকে এখানে লাভজনক ফসলে পরিণত করেছে। স্থানীয় কৃষকরা জানান, প্রায় প্রতিটি মৌসুমে বোয়ালমারীর রূপাপাত, দাদপুর, গুনবহা, চতুল, সহসব ইউনিয়নের বহু জমিতে পেঁয়াজ চাষ হয় এবং জেলার বাজারে বিপণনেও বোয়ালমারীর পেঁয়াজের সুনাম দীর্ঘদিনের।

এ বছরের মৌসুম শেষের দিকে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় এলাকাজুড়ে চাষিদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। কয়েক মাস আগেও যেখানে প্রতি কেজি পেঁয়াজ কম দামে বিক্রি করে কৃষকরা হতাশ ছিলেন, মৌসুমের শেষভাগে সেই দাম বেশ কয়েক দফা বৃদ্ধি পেয়ে তাদের ক্ষতি পুষিয়ে দিয়েছে।

বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান বলেন, কৃষকদের উৎসাহ দিতে আমরা এরই মধ্যে বীজ ও প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছি। আগাম জাত, সঠিক সার প্রয়োগ ও রোগ দমন ব্যবস্থাপনায় কৃষি বিভাগের বিশেষ দিকনির্দেশনা দেয়া হচ্ছে।