চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের আমবাগান এলাকায় মাদক মামলার আসামি আলমগীরকে গ্রেফতারের অভিযানে সন্ত্রাসীদের হামলায় ছুরিকাহত হয়েছেন ডবলমুরিং থানার দুই উপপরিদর্শক (এসআই)। এ ঘটনায় আরো পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার রাতে খুলশী থানার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন ডবলমুরিং থানার দেওয়ানহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহসিন উদ্দিন রুবেল এবং আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মমিনুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার আমিনুর রশিদ জানান, ১৭টি মামলার আসামি ও মাদক কারবারি আলমগীরকে গ্রেফতারে ডবলমুরিং থানার একটি দল আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় ওঁৎ পেতে থাকা দুষ্কৃতিকারীরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে এসআই মমিনুল ইসলাম ও এসআই মহসিন উদ্দিন রুবেলকে পেছন দিক থেকে ছুরিকাঘাত করা হয়। তিনি বলেন, হামলায় মোট সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহেদুল আলম বলেন, অভিযুক্ত আলমগীরকে গ্রেফতারে চেষ্টা চলছে। তিনি ঝর্ণাপাড়া এলাকায় থাকেন, যা ডবলমুরিং থানার আওতাভুক্ত।



