চট্টগ্রামে জুমা নামাজের সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে শুক্রবার জুমার নামাজের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ মিছিল করেছে। মিছিলটিতে ২০ থেকে ২৫ জন তরুণ ও যুবক অংশ নেয়। ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে দিতে দামপাড়া পুলিশ লাইনের সামনে দিয়ে মিছিল এগিয়ে যায়।

পুলিশ লাইনে নগর পুলিশের (সিএমপি) কমিশনারসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কার্যালয় রয়েছে। পুলিশ কমিশনার লালদীঘির পাড়ের নবনির্মিত ভবনের পাশাপাশি দামপাড়া পুলিশ লাইনের অফিসেও মাঝে মধ্যে বসেন।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আয়োজনে এ মিছিলের কালো রঙের ব্যানার নিয়ে তারা স্লোগান দেন। পরে সামাজিক যোগায্গো মাধ্যমে মিছিলের ছবি ছড়িয়ে দেয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নূর হোসেন মামুন বলেন, ‘নামাজের সময়ে মাত্র পাঁচ সেকেন্ডের জন্য তারা মিছিল করেছে। এখনো কাউকে আটক করা যায়নি। তবে কাজ চলছে।’