ইফার কর্মশালায় ইমামদের ভূমিকা রাখার আহ্বান

গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে : ধর্ম উপদেষ্টা

Printed Edition
গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য ইসলামিক ফাউন্ডেশনের কর্মশালায় বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন  :  নয়া দিগন্ত
গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য ইসলামিক ফাউন্ডেশনের কর্মশালায় বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে ৫৪ বছরের ইতিহাসে দেখা যায়, একবার কেউ ক্ষমতায় বসতে পারলে নানা ছলচাতুরীর মাধ্যমে তা দীর্ঘায়িত করতে চায়। গণভোটের মাধ্যমে এ অবস্থার পরিবর্তন হবে। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকারি ও বিরোধীদল একত্রে কাজ করবে গণভোটের মাধ্যমে।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গণভোটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, সারা দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের নেটওয়ার্ক বিস্তৃত। এ জন্য ইসলামিক ফাউন্ডেশনকে অধিদফতরে রূপান্তরের ঘোষণা দেন উপদেষ্টা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে বাংলাদেশে হাসিনার মতো আরেকজন ফ্যাসিস্ট তৈরি হবে না। জনগণ ঠিক করে দেবে বাংলাদেশে হাসিনার মতো একজন ফ্যাসিস্ট তৈরি হবে কি না। আগামী ৫০ বছরে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা কী হবে তা গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে। তিনি বলেন, গত ১৬ বছরে এ দেশের আলেম-ওলামাসহ সাধারণ মানুষ চরম নিপীড়নের মধ্য দিয়ে গেছে। তিনি আরো বলেন, প্রতি শুক্রবার জুমার খুতবায় সাত থেকে আট কোটি মানুষ মসজিদের খতিব/ইমামদের বক্তব্য শোনেন। গণভোটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ইমামদের ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তৃতা করেন, মন্ত্রিপরিষদ সচিব ড. মো: আবদুর রশীদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও ধর্মসচিব মো: কামাল উদ্দিন। স্বাগত বক্তৃতা করেন, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ফজলুর রহমান। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ: ছালাম খান। অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ চার শতাধিক আলেম ও কর্মকর্তা অংশ নেন।