সাংস্কৃতিক প্রতিবেদক
বাংলা একাডেমি পরিচালিত ৮ পুরস্কার পাচ্ছেন ৯ জন। গতকাল বৃহস্পতিবার এ পুরস্কার ঘোষণা করা হয়। আগামী ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। গতকাল বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের বিষয়টি জানানো হয়েছে। সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার পাচ্ছেন অধ্যাপক মনসুর মুসা। ভাষাভিত্তিক গবেষণার মূল্যায়নে তাকে এ পুরস্কার দেয়া হয়। এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পাচ্ছেন খসরু চৌধুরী। এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
মযহারুল ইসলাম কবিতা পুরস্কার পাচ্ছেন সানাউল হক খান। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
সা’দত আলী আখন্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন হাফিজ রশিদ খান। এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পাচ্ছেন তারিক আনাম খান। এর অর্থমূল্য এক লাখ টাকা।
আবু রুশ্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন শিবব্রত বর্মন। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার পাচ্ছেন সফিক ইসলাম ‘গণিতের রাজ্যে আনন্দভ্রমণ’ গ্রন্থের জন্য। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা।
রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন দু’জন। সুব্রত বড়ুয়াকে পুরস্কার দেয়া হচ্ছে কথাসাহিত্যে সামগ্রিক অবদানের মূল্যায়নে। এ পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা। আর অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫’ পুরস্কার পাচ্ছেন আনিসুর রহমান। এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।



