শরীয়তপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

Printed Edition

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। গত সোমবার গভীর রাতে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া বাজারসংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও ভাঙচুর করে।

দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ধুমধাম করে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ফুটবল খেলা দেখেন দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন। খেলা শেষে সবাই চলে গেলে ক্লাবের কক্ষে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুষ্কৃতকারীরা। এ সময় তারা কার্যালয়ে টাঙানো ব্যানার ফেস্টুন বাহিরে ফেলে দেয়। বিষয়টি টের পেয়ে বাজারের পাহারাদাররা এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তারা পানি দিয়ে আগুন নেভায়। বিষয়টি নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে উপজেলা নেতারা ও পুলিশকে জানায়। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুরাতন চেয়ার ও ফেস্টুনের কিছু অংশে পুড়ে যায়।

এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ বলেন, স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে নলমুড়ি বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের খবর পেয়েছি।

গোসাইরহাট থানার ওসি বোরহান উদ্দিন বলেন, এখনো পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব।