পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
কোরবানির ঈদ ঘনিয়ে আসতেই খুলনার পাইকগাছার হাট-বাজারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী মসলা ‘চুইঝাল’-এর চাহিদা ও দাম দুটোই বহুগুণ বেড়েছে। গোশতের স্বাদ ও সুবাস বাড়াতে এই অঞ্চলের মানুষের কাছে চুইঝাল এক অপরিহার্য উপাদান। ফলে ঈদের আগে বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বছরের অন্য সময়ে চুইঝাল প্রতি কেজি ৪০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হলেও এখন তা আকারভেদে ৮০০ থেকে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত ঠেকেছে। মূলত কাণ্ডের চেয়ে শিকড়ে ঝাঁঝ ও সুঘ্রাণ বেশি থাকায় এর দাম ও কদর সবচেয়ে বেশি। গদাইপুর বাজারের চুইঝাল বিক্রেতা রফিকুল ইসলাম জানান, কোরবানির উৎসবে চুইঝালের বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। পাইকারি বাজারে সরবরাহ কম ও কেনা বেশি পড়ায় খুচরা বাজারেও দাম চড়া। নতুন বাজারের বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, আগে যে চুইঝাল ৪০০-৬০০ টাকায় বিক্রি করতাম, এখন তা ৮০০ থেকে এক হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে। আর ভালো মানের চুইঝাল এক হাজার ৫০০ টাকা কেজি।
এদিকে দাম চড়া হলেও পিছপা হচ্ছেন না ক্রেতারা। গদাইপুর বাজারে চুইঝাল কিনতে আসা আবদুল করিম বলেন, ঈদের আগে দাম আরো বাড়তে পারে, তাই ভিড় এড়াতে আগেই কিনতে এসেছি। কোরবানি ঈদে চুইঝাল ছাড়া গরুর গোশত রান্নার তৃপ্তিই মেলে না। অতিথিদের আপ্যায়নেও এটি দারুণ জনপ্রিয়।
খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও যশোরের এই বিখ্যাত মসলাটি এখন দেশের অন্যান্য জেলাতেও জনপ্রিয় হয়ে উঠছে। ঔষধি গুণসম্পন্ন চুইঝালের কাণ্ড বা শিকড় টুকরো করে গোশতে দিলে এক ধরনের কড়া সুঘ্রাণ ও ঝাঁঝালো স্বাদ যুক্ত হয়, যা গোশতের স্বাদকে বহুগুণ বাড়িয়ে দেয়। দাম নিয়ে কিছুটা অসন্তোষ থাকলেও কোরবানির গোশতের পূর্ণ স্বাদের জন্য চুইঝাল কিনেই বাড়ি ফিরছেন ক্রেতারা।



