ক্রীড়া প্রতিবেদক
বিপিএলে তিনটি দলের প্লে অফ নিশ্চিত হলেও অপেক্ষায় ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। গতকাল দুপুরে গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকাকে ১১ রানে হারিয়ে শেষ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলায় আগে ব্যাটিংয়ে নেমে ডেভিড মালান ও তৌহিদ হৃদয়ের ফিফটিতে চার উইকেটে ১৮১ রান করে রাইডার্সরা। জবাবে সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ের পরও সাত উইকেটে ১৭০ রানের বেশি করতে না পারায় চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত হয় রংপুরের। এই জয়ে টানা তিন হারের পর লিটন কুমার দাসের অধিনায়কত্বে জয় তুলে নিলো রংপুর। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন টেবিলের চারে রংপুর।
১৮২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা আক্রমণাত্মকভাবেই করেছিলেন ওপেনার ওসমান খান। প্রথম ওভারেই নিয়েছিলেন ১৭ রান। তবে আরেক ওপেনার আবদুল্লাহ আল মামুন ফিরেছেন ০ রানে। দলীয় ৪৪ রানেই ব্যক্তিগত ৩১ রানে সাজঘরে ফেরেন ওসমান। শুরু হয় ঢাকার ব্যাটিং ধস।
একে একে ফিরেন সাইফ হাসান, সাব্বির রহমান ও শামিম হোসেন পাটোয়ারি। তবে শেষে প্রতিরোধ গড়েন সাইফউদ্দিন। ৩০ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। তাতেই ১৭০ রানে থামতে হয় ঢাকাকে। আগের ম্যাচগুলোয় কিছুটা অচেনা থাকা নাহিদ রানা এ দিন জ্বলে ওঠেন দারুণভাবে। গতির ঝড় তুলে চার ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন তিন উইকেট। যা তার ক্যারিয়ারের সবচেয়ে কম।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবিশ্বাস্য করেছিল রংপুর। হৃদয় ও মালান ওপেনিং জুটিতে করেন ১২৬ রান। হৃদয়ের তখনো ফিফটি হয়নি। ২৯ রানে তার ক্যাচ ফেলে দিয়ে ছক্কা বানিয়ে দেন সাইফ উদ্দিন। পরের বলে আবার জীবন পান তিনি সহজ ক্যাচ দিয়েও। এরপর ৫০-এ পা রাখেন তিনি ৪০ বলে। ফিফটির পর ছক্কা মারেন তিনি সাইফ উদ্দিনকে। হৃদয়ের ইনিংস শেষ হয় ছক্কা মারার চেষ্টায়। প্রথম বিপিএল উইকেটের স্বাদ পান মারুফ মৃধা। শেষ তিন ওভারে প্রত্যাশিত রান পায়নি রংপুর। ১৬ বলে ২৪ রান করে মেয়ার্স ফেরেন শেষ ওভারে। দুই বল বাকি থাকতে ক্রিজে নেমে প্রথম বলেই আউট হন লিটন। শেষ ওভারে মাত্র চার রান দিয়ে দু’টি উইকেট নেন সাইফ উদ্দিন। মালান ৪৯ বলে ৭৮ ও হৃদয় করেন ৪৬ বলে ৬২ রান। ১৮১ রান তোলে রংপুর।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স : ২০ ওভারে ১৮১/৪ (মালান ৭৮, হৃদয় ৬২, মেয়ার্স ২৪, খুশদিল ৬*, লিটন ০, সোহান ১*; তাসকিন ১/২০, মারুফ ১/৪১, সাইফ উদ্দিন ২/৩৩)।
ঢাকা ক্যাপিটালস : ২০ ওভারে ১৭০/৭ (উসমান ৩১, সাইফ ১২, মিঠুন ২৫, সাইফ উদ্দিন ৫৮*, ইমাদ ২০, ফাহিম ২/৪৩, মোস্তাফিজ ১/৩০, নাহিদ ৩/১১, রকিবুল ১/৩৬)।
ফল : রংপুর রাইডার্স ১১ রানে জয়ী।
ম্যাচ সেরা : দাভিদ মালান।



