শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিকে আধুনিকায়ন করেছিলেন : ড. মঈন খান

Printed Edition
নরসিংদীতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের পার্টনার কংগ্রেসের অনুষ্ঠানে বক্তৃতা করেন ড. মঈন খান : নয়া দিগন্ত
নরসিংদীতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের পার্টনার কংগ্রেসের অনুষ্ঠানে বক্তৃতা করেন ড. মঈন খান : নয়া দিগন্ত

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশে কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন। দেশে যখন খাদ্যের অভাব ছিল সেই সময় তিনি কৃষিকে আধুনিয়কায়ন করে খাদ্যে সয়ংসম্পূর্ণ করে তুলেছিলেন। শুক্রবার সকালে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মঈন খান এ কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রধানও দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। উচ্চ ফলনশীল ধানের পাশাপাশি বিভিন্ন ফলদ, বনজ গাছ রোপণের মাধ্যমে আগামী ৫ বছরের মধ্যে পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপি নিয়েছে। যার মাধ্যমে দেশকে সুজলা সুফলা করে পরিবেশগত বিপর্যয় রোধ করা হবে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আজিজল হক, পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ড. মঈন খান উপজেলার বিভিন্ন কৃষকের মাঝে গাছের চারা, সার, বীজ ও নগদ অর্থ বিতরণ করেন।